তাসদিকুল হাসান,জবি: প্রথমবারের মতো নিজেদের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বুধবার (১৮ সেপ্টেম্বর) সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘অনেক বড় একটি দায়িত্ব পেয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্সির জন্য কাজ করবো।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর পরিচালিত বিশ্ববিদ্যালয়ের এক ফেসবুক পোস্টের মাধ্যমে এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম-কে ফুল দিয়ে অভিনন্দন না জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ পোস্ট দিয়েছেন বলে জানান তারা।
শিক্ষা জীবনে রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক কল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
অধ্যাপক রেজাউল করিম ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল রুলস রেগুলেশন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখ্য, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্যে থেকেই বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ওই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালগুলোয় নিজেদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগের দাবি ফুটিয়ে তুলেন তারা। সবশেষ বুধবার জবি থেকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের এ দাবি পূরণ হলো।

