বাংলাদেশ প্রতিবেদক: অল্প কিছুদিনের মধ্যেই ইসলামী ব্যাংকের শেয়ার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই অস্বাভাবিক দাম বাড়ার কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার বিএসইসি’র পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সম্প্রতি ইসলামী ব্যাংকের শেয়ারদর ও লেনদেন বেড়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এ পরিস্থিতিতে ডিএসইকে ব্যাংকটির লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেওয়া হলো। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণগুলো (বাজারের কারসাজি, ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য বাজারের অপব্যবহারসহ) চিহ্নিত করে ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসি’র সার্ভিলেন্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলো।
এতে আরো উল্লেখ করা হয়েছে, তদন্তকালে কোম্পানিটি সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর আচরণবিধি ৬ ও ৮ এবং বিধি ১১ লঙ্ঘন করলে তা অবিলম্বে সংশ্লিষ্ট এআর/কমপ্লায়েন্স অফিসার/সিইওকে অবহিত করতে হবে।
এদিকে, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও সূচকের পতন দেশের দুই শেয়ারবাজারে। ডিএসইর প্রধান সূচক কমেছে ৪১ পয়েন্টের বেশি। এসময় দর হারিয়েছে ৮৯ ভাগের বেশি প্রতিষ্ঠানের শেয়ার।
দিনের শুরু থেকেই ইতিবাচকই ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ১০ মিনিটেই প্রধান সূচক বাড়ে ৪৩ পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উথান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৪১ দশমিক চার পাঁচ পয়েন্ট , অবস্থান করছে ৫ হাজার ৭শ ৩৬ পয়েন্টে।
সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে । মোট লেনদেন হয় ৭’শ ৯৬ কোটি ৯৩ লাখ টাকা।আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৭৮ কোটি টাকার বেশি।
হাতবদলে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৮৯ দশমিক চার দুই ভাগে কোম্পানির শেয়ার। এর মধ্যে বেড়েছে মাত্র ২৮টির, কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় ইসলামী ব্যাংক এবং তৃতীয় অবস্থানে গ্রামীণফোন।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে ইসলামী ব্যাংক, দ্বিতীয় সোশ্যাল ইসলামী ব্যাংক এবং তৃতীয় গ্রামীণ ওয়ান স্কিম ওয়ান।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১৭৪ দশমিক সাত চার পয়েন্ট। লেনদেন হয় ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।

