জয়নাল আবেদীন: রংপুর মহানগরীর দর্শনা এলাকায় কোল্ড স্টোরেজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মেসার্স একতা সীডস তাদের বীজের প্যাকেটের গায়ে মূল্য না লিখে প্রতিদিনই তাদের বীজের দাম বাড়িয়ে বিক্রয় করছে।
এই মৌসুমের শুরুতে প্রতি কেজি বীজ ৬৮ টাকায় বিক্রি শুরু হলেও ধীরে ধীরে তা বাড়িয়ে ১১০-টাকা পর্যন্ত বিক্রয় করছে। একদিন আগেও যে বীজের দাম ৯৭ টাকা চেয়েছে, একদিনের ব্যবধানে তা ১১০ টাকায় বিক্রয় করছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া ক্রয় বিক্রয় রশিদ যথাযথভাবে ব্যবহার না করে আলু বিক্রয় করার অপরাধে শাহী বাণিজ্যালয়কে ১৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত অভিযানে ২টি প্রতিষ্ঠানে সর্বমোট ১লাখ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন। সাথে ছিলেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন, জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাংগন অফিসার মো: সাইফুল ইসলাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক পারভীন জানান, ভোক্তা অধিকারের এরূপ অভিযান অব্যাহত থাকবে।

