
বাংলাদেশ প্রতিবেদকঃ গণমাধ্যমকে কোনো প্রকার চাপে রাখা কিংবা নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে সাফ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তবে স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে সর্বোচ্চ বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বর্তমান সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যম সংস্কার ও ব্রডকাস্ট মিডিয়ার উন্নয়ন ইস্যুতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) শীর্ষ নেতাদের সঙ্গে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, “সরকার স্বাধীন গণমাধ্যমের অবাধ চর্চায় পূর্ণ বিশ্বাসী। মিডিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। তবে স্বাধীনতার সাথে দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার চর্চা নিশ্চিত করাও সাংবাদিকতার মূল অনুষঙ্গ।”
দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনের সংবাদ, বক্তব্য ও প্রোপাগান্ডা প্রচারের ক্ষেত্রে প্রচলিত আইন ও দেশের স্পর্শকাতর পরিস্থিতি বিবেচনায় রাখা জরুরি।
বিগত সময়ে ঘটে যাওয়া সহিংসতা ও নাশকতার দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “রাজনৈতিক কর্মসূচির নামে যারা অগ্নিসন্ত্রাস চালায়, সেই অগ্নিসন্ত্রাসের মূল হোতাকে দেশের আইনি প্রক্রিয়ার আওতায় ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর।”
বৈঠকে দেশের ইলেকট্রনিক মিডিয়ার বর্তমান আর্থিক অনিশ্চয়তা ও ব্রডকাস্ট খাতের নানা সংকট তুলে ধরেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান ফাহিম আহমেদ।
তিনি জোর দিয়ে বলেন, “দেশের টেলিভিশন শিল্পকে টিকিয়ে রাখতে এবং সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মিডিয়ার বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণ ও যৌক্তিকভাবে বৃদ্ধি করা সময়ের দাবি।”
বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজেসির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকার ও সংবাদমাধ্যমের এই যৌথ আলোচনায় দেশের গণমাধ্যম খাতকে আরও শক্তিশালী, স্বয়ংসম্পূর্ণ ও বস্তুনিষ্ঠ করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।
