শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

0
শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকারপাড়া গ্রামে হাসি খাতুন (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাকারিয়ার বিরুদ্ধে। পুলিশ রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, প্রায় তিন বছর আগে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে হাসি খাতুনের সঙ্গে শাহজাদপুর উপজেলার সড়াতৈল সরকার পাড়ার জাকারিয়া হোসেনের বিয়ে হয়। ওই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।

নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন বলেন, জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্কের বিষয়টি আমার মেয়ে জেনে যাওয়ার পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। ওই কলহের জের ধরে শনিবার রাতে হাসি খাতুনকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরও বলেন, ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য আমাদের জানানো হয়, হাসি স্ট্রোক করে মারা গেছে। খবর পেয়ে আমরা ওই বাড়িতে গেলে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাসি খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাকারিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে ।

এ বিষয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) হারিছুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।