কাজী আতিকুর রহমান: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক রাত থেকে নিখোঁজ ছিল বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।
স্বজন ও স্থানীয়রা, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে শামুকখোলায় নিজ বাড়িতে এসে কিছু সময় পর আবার বের হয়ে যায়। এরপর থেকে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

