বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ডাকবাংলাপাড়া মহল্লায় অবস্থিত ‘পিস ল্যাব এ্যান্ড হসপিটাল’ নামের বেসরকারি একটি হাসপাতালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান এ জরিমানার আদেশ দেন। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন ভ্রাম্যমান আদালতে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাসুদ রানা এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা গেছে গত বুধবার বিকেলে পিস ল্যাব এ্যান্ড হসপিটালে উপজেলার ফরিদপাঙ্গাসী গ্রামের শাহাদাত হোসেনের গর্ভবতী স্ত্রী সোনিয়া খাতুনকে সিজার করা হয়। অবহেলা ও অব্যবস্থাপনার কারণে নবজাতকের মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে মৃত নবজাতককে বিস্কূটের প্যাকেটে ভরে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রেখে স্বজনদের জানায় বাচ্চাটি প্রসূতির গর্ভে দুইদিন আগে মারা যাওয়ায় পঁচে গলে গেছে। পরবর্তীতে মৃত শিশুটির লাশের সন্ধান পাওয়া গেলে এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার ওই হাসপাতালে অভিযান চালায়।
অভিযানের পর ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাসুদ রানা সাংবাদিকদের জানান, নানা অব্যবস্থাপনা, অপারেশনের পর নবজাতককে রাখার জায়গা না থাকা, এনেসথেসিয়া ডাক্তার ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স না থাকা, ১০ টি বেডের অনুমতি থাকলেও ১৮ টি বেড স্থাপন করা, প্যাথলজিক্যাল বিভাগের কোন প্রশিক্ষণপ্রাপ্ত প্যাথলজিস্ট না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেয়া হয়েছে । অভিযান কালে হাসপাতালের পরিচালক ফারুক হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান জানান জরিমানার টাকা পরিশোধ করার পর আটককৃতকে ছেড়ে দেওয়া হবে।

