আজ সন্ধ্যা ৭টায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

0
আজ সন্ধ্যা ৭টায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিউইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং অধ্যাপক ইউনূস ১০ম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ সময় এটি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া এবং রোহিঙ্গা সংকটের পরিস্থিতি তুলে ধরা হবে বলে আশা করা যাচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। তিনি আরও জানান, ভাষণের মূল বার্তা হবে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন হবে, যা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইউনূস গত সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান। তাঁর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলে যোগ দিয়েছেন।