ভূঞাপুর প্রতিনিধি: মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধুির দাবিতে এবং আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ কর্তৃক মারধর ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি শুরু হয়েছে। এতে উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম চলছে না বলে জানা গেছে। শিক্ষকদের দাবির বিষয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ক্লাস নেননি শিক্ষকরা। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত রয়েছেন। আর শিক্ষকদের একটি অংশ ঢাকায় অবস্থান করছেন। তারা আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। পুলিশের হামলার বিচারসহ তিন দাবি মেনে প্রজ্ঞাপন হলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে তারা জানিয়েছেন।
উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ বলেন, ‘আমরা সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এলেও ক্লাসসহ কোনও কার্যক্রমে অংশ নিইনি। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি চলছে। ১০টার পরে আমরা শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেব।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, রবিবার শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে, তা অত্যান্ত ন্যাক্কারজনক ঘটনা। আমাদের পাঁচ সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের তিনটি বিষয় নিয়ে কোনো প্রজ্ঞাপন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

