আজকের প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশনের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, নৌবাহিনী প্রধানের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বাংলাদেশ কোস্টগার্ডে মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, র্যাব হেডকোয়ার্টার্সের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন ও অর্থ) জি এম আজিজুর রহমান ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ।
এআই, ড্রোন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যা থাকছে আলোচনায়
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রাক-প্রস্তুতিমূলক এ সভায় একগুচ্ছ আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে-
* ভোটগ্রহণ কর্মকর্তা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কর্মপরিকল্পনা প্রণয়ন
* আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডে সমন্বয় সাধন ও সুসংহতকরণ
* সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা
* অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ
* এআই প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ
* নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তা সহযোগিতা প্রদান
* পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা
* নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা
* অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ
* অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিত করা
* পার্বত্য/দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্যাদি পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য হেলিকপ্টার সহায়তা প্রদান
* গোয়েন্দা সংস্থাগুলোর মতামত/পরামর্শের আলোকে শান্তিশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম গ্রহণ
* ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা
রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে সাংবিধানিক এ সংস্থাটি। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।
ভোটার ও ভোটকেন্দ্রের তুলনামূলক তথ্য : সভায় দ্বাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন গুরত্বপূর্ণ তথ্যাবলীর একটি তুলনামূলক পর্যালোচনা তুলে ধরা হবে। বিশেষ করে আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে তা নিয়েও আলোচনা করা হবে।

