বাংলাদেশ প্রতিনিধি: বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ২৫১ জনের প্রাণ গেল এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজন নারী, একজন পুরুষ।
তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এবং একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
তাদের বয়স হয়েছিল যথাক্রমে ১৬, ৭০, ৩০ ও ৫৫ বছর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮১৪ রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬০৫ জনে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে। মৃত্যু হয়েছে ৭৬ জনের।
আর চলতি অক্টোবর মাসের ২১ তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৩৬৩ জন; মৃত্যু হয়েছে ৫৫ জনের।
এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৭৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

