আন্ধারমানিক সেতুর ফুটপাত এখন মরন ফাঁদ

0
আন্ধারমানিক সেতুর ফুটপাত এখন মরন ফাঁদ
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ” আন্ধারমানিক” সেতুর ফুটপাত ভেঙ্গে মরন ফাঁদে পরিনত হয়েছে।গত এক বছর ধরে সেতুটির অন্তত ২০ টি স্লীপার ভেঙ্গে দূর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অচিরেই স্লীপার মেরামত কিংবা নতুন স্লীপার সংযোজন না করলে চরম ক্ষতির সন্মূখীন হতে পারে মানুষ। অনেক স্লীপারে ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে।
জানা গেছে, কলাপাড়া -কুয়াকাটা ২২ কিলোমিটার সড়কে তিনটি সেতুর মধ্যে আন্ধারমানিক সেতুটির  ২০১১  সালের ১২ জুন নির্মাণকাজ শুরু হয়। উদ্বোধন হয় ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারী। ৮৯২ মিটার দৈর্য এবং ১০.২৫ মিটার প্রস্থর সেতুটিতে ব্যয় হয় ৬৫ কোটি ১ লাখ ৮২ হাজার ৫৪৬ টাকা।
সেতটির এক প্রান্তে কলাপাড়া পৌরসভা অপর প্রান্তে নীলগঞ্জ ইউনিয়ন। এ দু’পাড়ের মানুষ খেয়া পারাপারের পাশাপাশি তাদের প্রয়োজনে সেতুটির দু’পাশের ফুটপাত ব্যবহার করতেন। বিশেষ করে রাতে খেয়া পারাপার বন্ধ হলে সেতটির ফুটপাতই ছিল চলাচলের একমাত্র মাধ্যম। এছাড়া  কলাপাড়ায় বিনোদন স্পট না থাকায় মানুষ পবিত্র ঈদুর ফিতর কিংবা ঈদুল আযহা অথবা বিশেষ কোন দিনে মানুষ সেতুটির ফুটপাতে দাঁড়িয়ে উপভোগ করতেন নদীর দু’পাড়ের দৃশ্য।
অনেকে সকাল, সন্ধ্যায় হাঁটার জন্য বেছে নিয়েছিলেন সেতুটির দু’পাশের ফুটপাত। বর্তমানে ফুটপাত ভেঙ্গে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মানুষ ফুটপাত ছেড়ে সেতুটির মধ্য দিয়েও চলাচল করছে। অথচ সেতুটি দিয়ে প্রতিদিন শতশত যাত্রীবাহি বাস সহ পর্যটকদের যানবাহন চলাচল করছে। এতে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার বলেন,আন্ধারমানিক সেতুটি গুরুত্বপূর্ণ একটি সেতু। এটির উপর দিয়ে শতশত যানবাহন কুয়াকাটায় যাতায়াত করে। সংশ্লিষ্ট বিভাগের এতদিন ফেলে রাখা এটা একদমই উচিৎ হয়নি।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা বলেন’ সেতুটির ফুটপাত এক বছর ধরেই বেহাল অবস্থায়। এটির বিষয়ে গুরুত্ব দেয়া উচিৎ ছিল আরো আগেই। এটা এ বিভাগের দায়িত্বহীনতা বলে তিনি উল্লেখ করেন।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.জামিল আক্তার বলেন” যত দ্রুত সম্ভব সেতুটির ফুটপাত সংস্কার করা হবে।