জয়নাল আবেদীন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে মাঠে নেমে পড়েছেন বিএনপির প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন ধানের শীষে ভোট প্রার্থনা। গণসংযোগকালে দিচ্ছেন নির্বাচনী এলাকার কাঙ্খিত উন্নয়নের প্রতিশ্রুতি। রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে এবার দেশবাসীর দৃষ্টি থাকবে তিস্তা নদী বেষ্টিত রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন এবং রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে। রংপুর-৪ আসনে বিশিষ্ট শিল্পপতি এমদাদুল হক ভরসার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। অপরদিকে রংপুর-২ আসনে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার।
রংপুরে এ দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চলছে তুমুল আলোচনা। এদিকে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামেন রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু। তিনি নগরীর সিটি বাজার এলাকার পথচারী, ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করে ধানের শীষ মার্কায় ভোট চান। জাপার দূর্গ দখল করে উন্নয়ন বঞ্চিত রংপুর সদর আসনের কাঙ্খিত উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। গণসংযোগকালে সামসুজ্জামান সামু বলেন, আমিএকটি পরিকল্পিত ‘সমৃদ্ধ রংপুর’ গড়তে চাই। এ লক্ষ্যে রংপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আমি ধারাবাহিকভাবে পরামর্শক সভা করে চলেছি। দল যে আস্থা অটুট রাখতে ধানের শীষ মার্কাকে নির্বাচিত করতে আমি প্রাণপন কাজ করে যাব।
আমাকে মনোনয়ন দেয়ায় দলের নেতাকর্মীরা আজ উচ্ছাসিত। তারা স্বতঃস্ফর্তভাবে ধানের শীষ মার্কাকে জেতাতে কাজ করে যাচ্ছেন। সদর আসনের বঞ্চনা ঘোচাতে ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবে বলে আমি আশা করছি। ওদিকে রংপুরের ৬টি আসনের মধ্যে বিএনপি মনোনিত প্রার্থী হয়েছেন, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটিকর্পোরেশন) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ (সদর ও সিটিকর্পোরেশন) আসনে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, রংপুর-৪ (পীরগাছা- কাউনিয়া) আসনে রংপুর জেলা বিএনপি’র সাঊেশ সভাপতি এমদাদুল হক ভরসা, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম। এর মধ্যে রংপুর-৫ আসনের গোলাম রব্বানী ও রংপুর-৩ আসনে সামসুজ্জামান সামু প্রথম বারের মত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার রাতে মনোনিত প্রার্থীদের নাম ঘোষনার পরই জেলা- উপজেলা, ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে প্রার্থীদের কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাৎক্ষনিক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল করেন তারা। বিএনপি মনোনিত প্রার্থীদের নাম ঘোষণার পর রংপুর জেলা জুড়ে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে।

