২৮৬ রানেই গুটিয়ে গেল আয়ারল্যান্ডের প্রথম ইনিংস 

0
২৮৬ রানেই গুটিয়ে গেল আয়ারল্যান্ডের প্রথম ইনিংস 

ক্রীড়া প্রতিবেদকঃ সিলেট টেস্টের প্রথম দিনে ২৭০ রানে ৮ উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনে মাত্র ২.২ ওভার টিকতে পেরেছে সফরকারীরা। ২৮৬ রানে শেষ হয়েছে আইরিশদের প্রথম ইনিংস।

একের পর এক ক্যাচ মিস না করলে হয়তো প্রথম দিনেই অল আউট করা যেত আয়ারল্যান্ডকে। তবে দ্বিতীয় দিনে আইরিশদের গুটিয়ে দিতে বেশি সময় নেয়নি বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় দিনে মাত্র ১৪ বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়েছে তারা।

৯২তম ওভারে ম্যাথু হামফ্রেসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। হামফ্রেস রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। তার পরের ওভারে ব্যারি ম্যাককার্থিকে বোল্ড করেন হাসান মাহমুদ।

পল স্টার্লিং ও কেড কারমাইকেলের ফিফটিতে ২৮৬ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। কারমাইকেল ৫৯ এবং স্টার্লিংয়ের ব্যাট থেকে আসে ৬০ রান। এছাড়াও, কার্টিস ক্যাম্পার ৪৪ এবং লোরকান টাকার করেন ৪১ রান।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুইটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম এবং অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ।