ঢাকায় বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, কেরানীগঞ্জে থানায় আগুন

0
ঢাকায় বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ, কেরানীগঞ্জে থানায় আগুন

বাংলাদেশ প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার আগের রাতে ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ এবং থানায় আগুনের ঘটনা ঘটছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।

তিনি জানান, আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী একজন জানান, থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেই। এ সময় দুই ব্যক্তিকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছি। অন্ধকোরে তাদের চেনা যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা আবর্জনা হতে আগুন লেগেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ ছাড়া গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন, পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।