কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় অবৈধভাবে ব্যোম মেশিন ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে ইমরান গাজী নামে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার সন্ধ্যার পরে কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের গাজীর ঘের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ বালু উত্তোলনের সত্যতা পান এবং ব্যোম মেশিনসহ ড্রেজারটি জব্দ করেন।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় ইমরান গাজীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কলাপাড়া উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও কুয়াকাটা পৌর পোশাক ইয়াসিন সাদেক বলেন,অবৈধভাবে বালু উত্তোলন করলে পরিবেশ ও জনপদ ঝুঁকিতে পড়ে। এ ধরনের কর্মকাণ্ড কারও জন্যই মঙ্গলজনক নয়। আইন ভাঙলে অবশ্যই শাস্তি পেতে হবে। কুয়াকাটা এলাকায় অবৈধ ড্রেজার মেশিন কোনোভাবেই চলতে দেওয়া হবে না। তিনি আরও বলেন,মাটি ও বালু উত্তোলনে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

