হাজিরা দিতে এসে খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

0
হাজিরা দিতে এসে খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

খুলনা প্রতিনিধিঃ খুলনায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্ত্বরে গুলিতে ২ জন নিহত হয়েছে । নিহত দু’জনের নাম হাসিব ও রাজন। তারা সোনাডাঙ্গা থানায় দায়ের করা অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুইজন পলাশ গ্রুপের লোক, ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ গ্রেনেড বাবু গ্রুপের সন্ত্রাসীরা এ ঘটনার সাথে জড়িত।  পলাশ – গ্রেনেড বাবু গ্রুপের মধ্যে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দীর্ঘ দিনের।

আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালতের সামনে খান এ সবুর রোডে এ ঘটনা ঘটে।

আহতদের প্রথমে খুলনা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা শেষে প্রধান ফটক পার হয়ে সার্কিট হাউসের সামনে দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে। এরপর তাদের প্রথমে কুপিয়ে জখম করে ও পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এরপর হামলাকারীরা বোমা ফাটিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনার পর আদালত অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী পর্যবেক্ষন করছেন।

ঘটনাস্থল থেকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মাহবুবুর রহমান আজকের বাংলাদেশকে জানান, বিষয়টি গুরুত্ত্বের সাথে দেখা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা নেয়া হবে।