মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাবরেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ভূমি কার্যালয়ের নিচতলার ৫ নম্বর কক্ষের পেছন দিক থেকে জানালা খুলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচতলায় একটি রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র পুড়ে গেছে।
মাগুরা সদর থানার সহকারী কমিশনার (এসিল্যান্ড) আসমা আক্তার জানান, রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা শহরের ইসলামপুর পাড়ায় সহকারী ভূমি অফিসের পিছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে থাকা কম্পিউটার আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র পড়ে নষ্ট হয়ে যায়।
এদিকে প্রায় একই সময় মাগুরা সরকারি সাব-রেজিস্ট্রার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, রাতের আধারে দুষ্কৃতিকারীরা শহরের ইসলামপুর পাড়া সাব-রেজিস্ট্রার অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের অফিসসহ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নিচতলা পুড়ে যায়। এতে সাব রেজিস্টার অফিসের জমি জমার দলিল, নথিপত্র ও লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, মাগুরা সদরের সহকারী ভূমি অফিসের কার্যালয় ও সাব-রেজিস্ট্রার অফিসে রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানে জমি-জমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র পুড়ে যায়। আগুনে কম্পিউটার পদ্ধতি বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী আজকের বাংলাদেশকে বলেন, সহকারীর (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে পেট্রোল বোমা নিক্ষেপের বোতল জব্দ করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

