খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত, বিলম্বিত হতে পারে লন্ডন নেওয়া

0
খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত, বিলম্বিত হতে পারে লন্ডন নেওয়া

বাংলাদেশ প্রতিবেদকঃ গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া আরো বিলম্বিত হতে পারে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানা গেছে। ফলে মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞ চিকিৎসকরা পুরোপুরি নিশ্চিত না করা পর্যন্ত তাকে বিদেশ নেওয়া হবে না।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়ে রাত ৯ টার পরে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে লন্ডন নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে পাঠানো হবে।

কাতারের আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে গতকাল শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি সমস্যার কারণে ওই এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে। ফলে চিকিৎসকদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার তাকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে।

এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে নিয়ে যেতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান গতকাল দুপুরে বাংলাদেশ বিমানে ঢাকায় আসেন। পরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে যান। সন্ধ্যায় খবর পাওয়া যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, উদ্বেগজনক। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তারা তার অবস্থার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা নিশ্চিত করলেই কেবল রোববার লন্ডনে নেওয়া হতে পারে। অন্যথায় খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যায়, সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে ভর্তি করা হবে অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে। আর লন্ডনের এই চিকিৎসাযাত্রায় তার সঙ্গী হতে গতকাল শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) অধ্যাপক ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

মেডিকেল বোর্ডের পরামর্শেই শুক্রবার বিকেলে খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলীর ভেতরের রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।