দেশ বিরোধীরা ভোল পাল্টে আবার ‘বাংলাদেশ গড়ার’ কথা বলছে : মির্জা ফখরুল

0
দেশ বিরোধীরা ভোল পাল্টে আবার ‘বাংলাদেশ গড়ার’ কথা বলছে: মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশ বিরোধী শক্তি ভোল পাল্টে আবারও ‘বাংলাদেশ গড়ার’ কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৯৭১ সালের মতোই ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ‘জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা করেন।

তিনি বলেন, দেশ যখন গণতন্ত্রের উত্তরণের পথে এগোচ্ছে, তখন সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ব্যাহত করতে নানা চক্রান্ত চলছে। কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। ষড়যন্ত্র করে কখনও সফল হওয়া যায় না। উত্তরণের পথে দেশ এখন এগিয়ে চলেছে।

আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন একটি সংবর্ধনা জানানো হবে, যা অতীতে কোনও নেতা পাননি। লন্ডন থেকে ঢাকায় ফিরলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে—যা অতীতে কখনো কোনো নেতা পাননি বলে উল্লেখ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে, আমাদের নেতা তিনি দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পরে ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আসুন, আমরা ২৫ তারিখে তাকে এমন এক সংবর্ধনা জানাই, যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পায়নি। আমরা সবাই প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।’

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা এত উদ্বেগের মধ্যে এই সংবাদে প্রমাণিত হয়েছি। একদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। অন্যদিকে এক অনিশ্চয়তা তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা (তারেক রহমান) আলো যিনি আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে যিনি সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ২৫ তারিখে।’

বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ এখন সিদ্ধান্ত নেবে- তারা গণতন্ত্র ও স্বাধীনতাকে বেছে নেবে, নাকি স্বাধীনতাবিরোধী শক্তিকে। তার মতে, আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের পক্ষে ও বাংলাদেশের বিপক্ষে শক্তির মধ্যকার নির্বাচন।

মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে, আবার নতুন কোনও ফ্যাসিস্টকে বসতে দেয়া যাবে না, যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। কোনও চাপিয়ে দেয়া সিদ্ধান্ত নয়, দেশের মানুষই গণতন্ত্রের পক্ষে থাকবে এমন প্রত্যাশা আমাদের।