সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: কুমিল্লায় লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমান

0
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: কুমিল্লায় লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমান

কুমিল্লা প্রতিনিধি: বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করে চরম ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে তীব্র অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জনগণকে দেওয়া ওয়াদা ভাঙার জন্য এই সরকার ক্ষমা পাবে না। জনগণের মৌলিক ও ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বিরোধী জোট।”

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রামমুখী বিশাল লংমার্চের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব হুঁশিয়ারি দেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই রাজপথেই আপনাদের বীর সঙ্গীরা রক্ত ঝরিয়েছেন। কিন্তু যে লক্ষ্যে তারা আত্মত্যাগ করেছিলেন, সেই স্বপ্ন ও দাবি আজও অধরা। গণভোটের স্পষ্ট রায় ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়িত করতেই আজ রাজপথে নেমেছে ১১ দলীয় ঐক্যজোট। বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।” ইনশাআল্লাহ্, জয় না হওয়া পর্যন্ত রাজপথেই অবস্থান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

পথসভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের লংমার্চের ৬ দফা দাবি ও গণভোটের গণরায় অবিলম্বে কার্যকরের জোরালো আহ্বান জানান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারকে সতর্ক করে বলেন, “তেল, গ্যাস ও বিদ্যুতের সুনির্দিষ্ট সরবরাহ নিশ্চিত করতে হবে। জনগণের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হলে এ সরকার মসনদে টিকে থাকতে পারবে না।”

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ দেশের শতকরা ৭০ ভাগ মানুষের দেওয়া রায়কে চূড়ান্ত উল্লেখ করে সতর্ক বার্তা দেন। অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও সঠিক দিশা ফেরাতে আগামীতে আরও কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আজ এই লংমার্চের মাধ্যমেই আন্দোলনের দ্বিতীয় পর্বের সূচনা হলো।”

শনিবার সকালে রাজধানী ঢাকা থেকে ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ে এই ৬ দফা ভিত্তিক লংমার্চ শুরু হয়। পথিমধ্যে নারায়ণগঞ্জের শিমরাইলসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। লংমার্চের বহর কুমিল্লায় পৌছে পদুয়ার বাজার বিশ্বরোডে বিশাল পথসভায় মিলিত হয়। পরবর্তীতে নেতৃবৃন্দ পথসভা শেষে পুনর্গঠিত বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. মাহবুবর রহমানের পরিচালনায় সমাবেশে লেবার পার্টির খন্দকার মিরাজুল ইসলাম, খেলাফত আন্দোলনের আলী হোসেন আকন্দ, এবি পার্টির অ্যাডভোকেট যোবায়ের আহমেদ ভূঁইয়াসহ ১১ দলীয় জোটে শরিক দল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।