ক্রীড়া প্রতিবেদকঃ আইপিএলের মিনি নিলামে বাজিমাত করলেন মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দাম পেলেন টাইগার পেসার।
আইপিএল নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হলো। আর সেই যুদ্ধে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সেই (কেকেআর) জয়ী হলো। দিল্লির পর এবার কলকাতা ঠিকানা হলো মোস্তাফিজের। টাইগার পেসারকে দলে ভেড়াতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।
২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুরকে ঘিরে শুরু থেকেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লির হয়ে খেলা ‘দ্য ফিজ’-এর জন্য দ্রুতই বিডে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও—যে দলে আগে সফল সময় কাটিয়েছেন তিনি।
দিল্লি ও চেন্নাইয়ের দ্বৈরথে দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫ কোটির ঘরে। শেষ পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ায়। তখন মনে হচ্ছিল, মুস্তাফিজুরকে বুঝি ফের চেন্নাইতেই দেখা যাবে।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সে দল পেয়ে নিজের খুশির কথা জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।
নিজের ভেরিফায়েড পেজে আইপিএলে দল পাওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন বাহাতি এই পেসার। রাতে দেয়া পোস্টে তিনি বলেন, ‘কলকাতা নিয়ে স্বপ্ন দেখছি। আমি খুবই এক্সাইটেড এবং কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে তর সইছে না।’

