শাহজাদপুরে জমি থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকার ফসল কেটে নেয়ার অভিযোগ

0
শাহজাদপুরে জমি থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকার ফসল কেটে নেয়ার অভিযোগ

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে অবৈধভাবে জমি‌ দখল করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ফসল মাসকলাই ও জাম্বু ঘাস (গো-খাদ্য) কেটে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক এন্তাজ আলী।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১ টায় পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাদপুর পৌর এলাকার রূপপুর গ্রামের বাসিন্দা এন্তাজ আলী জানান, ২০১০ সনে তিনি হাজী আবু মোতালেবের নিকট থেকে রেজিস্ট্রি দলিল মূলে পোতাজিয়া মৌজার ২৪৫৫ দাগের ৫০ শতক ফসলি জমি ক্রয় করেন । পরবর্তীতে তিনি ওই জমি নিজ নামে নামজারি পূর্বক হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ করে ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। কিন্তু গত শুক্রবার একই গ্রামের ছানা বেপারী ,আনু বেপারী ও রাজ্জাক বেপারী তাদের দলবল নিয়ে অবৈধভাবে জোরপূর্বক তার মালিকানাধীন জমি দখল করে আবাদ করা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মাসকলাই ও জাম্বু ঘাস কেটে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মৃত হাজী মোতালেবের ছেলে শাহান আলী জানান, তার বাবা জীবিত অবস্থায় ১৯৮০ সালে পোতাজিয়া গ্রামের ছাকাত আলী ব্যাপারীর নিকট থেকে রেজিস্ট্রি দলিল বলে ওই জমি ক্রয় করেন। তিনি বলেন, খাজনা খারিজ করে প্রায় ৩০ বছর ভোগদখল শেষে তার বাবা ২০১০ সালে ওই জমি এন্তাজ আলীর নিকট বিক্রি করেন। অন্যদিকে পোতাজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ওসমান গনি জানান, এন্তাজ আলীর জমি থেকে জোরপূর্বক ফসল কেটে নেয়ার বিষয়টি মীমাংসার জন্য ছানা বেপারী ও আনু বেপারী গংদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দুইবার নোটিশ প্রদান করা হয় । কিন্তু তারা ওই নোটিশ গ্রহণ করেননি।

সংবাদ সম্মেলনে জমির মালিক এন্তাজ আলী আরো বলেন, তার জমি থেকে জোরপূর্বক ফসল কেটে নেয়ার ঘটনায় থানা ও আদালতে দুটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জমি ক্রয়ের দলিল সহ খাজনা খারিজের কাগজপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করে বলেন ওই জমিতে ছানা বেপারী গংদের কোন স্বত্ব নেই। শুধু লাঠির জোরে তারা জোরপূর্বক জমি দখল করে ফসল কেটে নিয়ে গেছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য, গ্রামের প্রধানবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।