মুলাদীতে বোমা ফাটিয়ে ব্যবসায়ীর মাছ লুট

0
মুলাদীতে বোমা ফাটিয়ে ব্যবসায়ীর মাছ লুট

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে হাতবোমা ফাটিয়ে এক ব্যবসায়ীর দেড় লক্ষাধিক টাকার মাছ লুট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মাছ লুটের পর পুকুরের বেড়া, জাল ও খুটি পুড়িয়ে দেওয়া হয়।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের জামাল উদ্দিন সিকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। জমি বিরোধের জেরধরে একই গ্রামের মামুন আকন ২৫-৩০জন লোক নিয়ে মাছ লুট করেন বলে দাবি করেন ব্যবসায়ী জামাল উদ্দিন সিকদার। এঘটনায় গতকাল শনিবার দুপুরে জামাল সিকদার বাদী হয়ে ২৫জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জামাল উদ্দিন সিকদার জানান, তিনি এলাকায় সার ও কীটনাশকের ব্যবসার পাশাপাশি বাড়ির পুকুরে মাছ চাষ এবং বাড়ি সংলগ্ন খেতে তরমুজ, খিরা ও ফুটি চাষ করেছেন। জমি বিরোধ ও পূর্বশত্রæতার জেরধরে শুক্রবার (২৬ডিসেম্বর) রাত ৯টার দিকে মামুন আকনের নেতৃত্বে ২৫-৩০জন দুর্বৃত্ত দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। দুর্বৃত্তরা ২- ৩টি হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং তার পুকুরের প্রায় দেড় লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যান। পরে তারা পুকুরের বেড়া, খুটি ও জাল উঠিয়ে আগুনে পুড়িয়ে দেন। এছাড়া বাড়ি সংলগ্ন তরমুজ, খিরা ও ফুটি খেতের গাছ উপড়ে ফেলেন তারা। ওই সময় জামাল উদ্দিন সিকদার ও তার লোকজন বাঁধা দিতে গেলে তাদের হত্যা ও এলাকা ছাড়া করার হুমকি দেন হামলাকারীরা।

পরে গতকাল শনিবার দুপুরে জামাল উদ্দিন সিকদার বাদী হয়ে মামুন আকন (৫০), দিদার আকন (৪০), জহিরুল আকন (৩৬), সুরুজ আকন (২৮), জহির রাড়ী (৩৫)সহ ২৫জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী বলেন, ব্যবসায়ীর মাছ লুট ও তরমুজ খেত বিনষ্টের ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থলে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মজিবুর

রহমানের নেতৃত্বে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পাশাপাশি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।