ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডা উপজেলার বিভিন্ন কাঁচাবাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টার দিকে পরিচালিত এ অভিযানে তিনটি মুদি দোকান থেকে পলিথিন ব্যাগ উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট দোকানিদের কাছ থেকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিণাকুন্ডা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
এ সময় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক মো. মুনতাসির রহমান উপস্থিত ছিলেন এবং হরিণাকুন্ডা থানার এসআই মো. আল ইমরান সার্বিক সহযোগিতা করেন। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, সরকারের নির্দেশ অমান্য করে কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশে পলিথিনবিরোধী অভিযান ও মনিটরিং জোরদার করা হয়েছে এবং পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ২০০২ সালে আইন করে পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও এর ব্যবহার পুরোপুরি বন্ধ হয়নি; সরকার বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারে জোর দিচ্ছে।

