কুলিয়ারচর প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়েপড়েছে। ভোরের দিকে কুয়াশা এতটাই ঘন ছিল যে অনেক জায়গায় তা বৃষ্টির মতো ঝরতে দেখা যায়। ফলে সকাল থেকে শীতের তীব্রতা আরও বেড়ে যায়।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। এতে সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। বিশেষ করে ভোর ও সকালবেলায় যানবাহন চালকদের চরম সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। অনেককে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। কিশোরগঞ্জ আবহাওয়া অফিসে আজ ২৯ ডিসেম্বর নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০°C । বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এবং তাপমাত্রা কমে যাওয়ার ফলে এ ধরনের ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় শীতজনিত রোগ থেকে বাঁচতে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

