খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

0
খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল

বাংলাদেশ প্রতিবেদকঃ সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে দলে দলে আসছেন নেতাকর্মীরা। এ ছাড়া নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসেছেন খালেদা জিয়ার কবরে। তারা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন, মোনাজাত করছেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ কবরের পাশে ভিড় করতে থাকেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেন। এতে প্রায় এক ঘণ্টা নেতাকর্মীসহ সাধারণ মানুষ ভেতরে ঢুকতে পারেননি। পরিবারের সদস্যরা যাওয়ার পর দলে দলে বিএনপির নেতাকর্মীরা কবর জিয়ারত করতে যান।

বেগম খালেদা জিয়ার কবর প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষেরও ঢল দেখা যায়। নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ কবর জিয়ারত করে ফুল অর্পণ করছেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশের তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

আজ জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

গত বছরের ৩১ ডিসেম্বর (বুধবার) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।