ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় গলায় রশি দিয়ে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম সাইদুর রহমান (৫০)।
তিনি উপজেলার তাহেরহুদা গ্রামের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের মেজো ছেলে। রোববার (৪ জানুয়ারি) রাতে তাহেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, পারিবারিক কলহের জেরে সাইদুর রহমান রাতের কোনো এক সময় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

