মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নামজারি (মিউটেশন) করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক সেবা প্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অপরাধে নোয়াব আলী (৪৭) নামে এক আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোয়াব আলী নিজেকে ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে নামজারি করে দেওয়ার কথা বলে এক সেবা প্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা গ্রহণ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা জানান, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও স্বচ্ছ করতে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে। দালাল ও প্রতারকচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা বলেন, ভূমি অফিসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্য চলছে। এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

