জুলাই যোদ্ধাদের জন্য ‘দায়মুক্তি অধ্যাদেশ’ চূড়ান্ত: দ্রুতই অনুমোদনের প্রত্যাশা

0
জুলাই যোদ্ধাদের জন্য ‘দায়মুক্তি অধ্যাদেশ’ চূড়ান্ত: দ্রুতই অনুমোদনের প্রত্যাশা

বাংলাদেশ প্রতিবেদকঃ জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। ফ্যাসিবাদী সরকারের দোসরদের হয়রানি থেকে বিপ্লবীদের নিরাপদ রাখা এবং আন্দোলনের সময় তাদের প্রতিরোধমূলক কর্মকাণ্ডকে আইনি বৈধতা দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. আসিফ নজরুল তাঁর পোস্টে উল্লেখ করেন, জুলাই যোদ্ধারা অসীম সাহসিকতায় জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করেছেন। আন্দোলনের উত্তাল সময়ে স্বৈরাচারী শাসনের খুনি বাহিনীর বিরুদ্ধে তারা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তার জন্য তাদের পূর্ণ আইনি সুরক্ষা বা দায়মুক্তি পাওয়া একটি নাগরিক অধিকার।

অধ্যাদেশটির যৌক্তিকতা ব্যাখ্যা করে আইন উপদেষ্টা জানান, এ ধরনের আইন প্রণয়ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি উদাহরণ হিসেবে ‘আরব বসন্ত’সহ সমসাময়িক কালের বিভিন্ন সফল গণ-অভ্যুত্থানের পরবর্তী আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেন।

দেশীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি লিখেন:

সংবিধানের ৪৬ অনুচ্ছেদ: বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে এ ধরনের দায়মুক্তি আইন প্রণয়নের স্পষ্ট বিধান ও বৈধতা রয়েছে। ১৯৭৩ সালেও মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সুরক্ষায় একই ধরনের দায়মুক্তি আইন করা হয়েছিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখেই জুলাই বিপ্লবের বীরদের রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।

আইন উপদেষ্টা জানিয়েছেন, আইন মন্ত্রণালয় ইতিমধেই অধ্যাদেশটির খসড়া প্রস্তুত সম্পন্ন করেছে। আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এটি অনুমোদনের জন্য আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হবে।

পোস্টের শেষে আবেগঘন কণ্ঠে তিনি লিখেন, “জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।” সংশ্লিষ্টরা মনে করছেন, এই অধ্যাদেশটি কার্যকর হলে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা বা আইনি জটিলতার পথ চিরতরে রুদ্ধ হবে।