নির্বাচনের আগে নতুন পে স্কেল নয়: গভর্নর

0
নির্বাচনের আগে নতুন পে স্কেল নয়: গভর্নর

বরিশাল প্রতিনিধিঃ আসন্ন জাতীয় নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি উল্লেখ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে এ ধরনের বড় কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত হবে না।

বৃহস্পতিবার বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর জানান, নির্বাচনের আর মাত্র এক মাস বাকি থাকায় সরকারের সমস্ত মনোযোগ এখন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দিকে। তিনি বলেন, “বর্তমান সরকার চাইলে পে স্কেলের একটি প্রাথমিক কাঠামো তৈরি করে রেখে যেতে পারে। তবে এর চূড়ান্ত বাস্তবায়ন ও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। নির্বাচনের এই শেষ সময়ে এসে এমন কোনো সিদ্ধান্তে যাওয়া সমীচীন হবে না।”

সভায় ডিজিটাল অর্থনীতির ওপর গুরুত্বারোপ করে ড. মনসুর বলেন, ছেঁড়া-ফাটা নোটের বিড়ম্বনা কমাতে ক্যাশলেস বা ডিজিটাল লেনদেনের কোনো বিকল্প নেই। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে ‘কিউআর কোড’ (QR Code) বাধ্যতামূলক করা হলে দেশে ডিজিটাল লেনদেনের হার দ্রুত বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পণ্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে গভর্নর দেশের বিদ্যমান আমদানি নীতিকে ‘জটিল’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “সরকারি কর্মকর্তাদের অদক্ষতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সময়মতো পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজারের ওপর এবং পণ্যের দাম বাড়ছে।”

আগামী ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতিকে আরও জনবান্ধব ও কার্যকর করতে বরিশাল অঞ্চলের অংশীজনদের (Stakeholders) মতামত সংগ্রহের জন্য এই সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবীরা অত্র অঞ্চলের অর্থনৈতিক চ্যালেঞ্জ ও মুদ্রানীতি নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।