আজকের ডেস্কঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য এক ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবেন।
শুক্রবার সকালে দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে ‘ভোটের গাড়ি’ পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিগত দীর্ঘ সময় এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ছাত্র-জনতার জুলাই আন্দোলনের মূল আকাঙ্ক্ষাই ছিল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা। এবার ভোটাররা সম্পূর্ণ নির্ভয়ে এবং নিজেদের ইচ্ছেমতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “ভোটাররা সংস্কার প্রস্তাবের পক্ষে ‘হ্যাঁ’ অথবা বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবেন। ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং গুম-খুন ও অন্যায়ের সংস্কৃতি বন্ধ করতে সংস্কার অপরিহার্য। যদি মানুষ সংস্কারের পক্ষে রায় দেয়, তবেই এই প্রক্রিয়া চলমান থাকবে।”
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে ফাওজুল কবির খান বলেন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এই নির্বাচন হতে যাচ্ছে। এখানে কোনো ধরনের পেশিশক্তি বা বাধা প্রদানের সুযোগ নেই।
দিনাজপুরের জনতাত্ত্বিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “এ অঞ্চলে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার অনেক ভোটার রয়েছেন। তারা যেন কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিলসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উপদেষ্টা ফাওজুল কবির খান আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

