বাংলাদেশ প্রতিবেদকঃ দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তিনি এই শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি প্রায় সাত বছর ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৩০ ডিসেম্বর দলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে পদটি শূন্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গঠনতন্ত্রের বিধি মোতাবেক তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারা অনুযায়ী, চেয়ারপারসনের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদে উক্ত পদে স্থলাভিষিক্ত হবেন। সেই নিয়মের আলোকেই তারেক রহমান এখন থেকে দলের চূড়ান্ত অভিভাবক হিসেবে সমাসীন হলেন।
উল্লেখ্য, সতেরো বছরের দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির জন্য ‘পুনর্জাগরণ’ হিসেবে দেখছেন। দীর্ঘদিন দলের শীর্ষ নেতৃত্বে যে অনিশ্চয়তা বিরাজ করছিল, তারেক রহমানের সরাসরি অংশগ্রহণে তা কেটে গেছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে হতে যাওয়া এই নির্বাচনে তারেক রহমানই বিএনপির হাল ধরবেন বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথমবারের মতো তিনি সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, যা দলটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক জীবন একনজরেঃ ১৯৬৫ সালে জন্ম নেওয়া তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
রাজনীতিতে হাতেখড়ি: আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। ১৯৯১ সালের নির্বাচনে মায়ের নির্বাচনী তদারকির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় যাত্রা। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবরণ করলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।
তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজপথের প্রধান এই বিরোধী দল এখন তাদের নতুন চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

