আরব আমিরাতে সাজাপ্রাপ্ত অবশিষ্ট ২৫ বাংলাদেশিও মুক্তি পেলেন

0
আরব আমিরাতে সাজাপ্রাপ্ত অবশিষ্ট ২৫ বাংলাদেশিও মুক্তি পেলেন

আজকের ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত অবশিষ্ট ২৫ বাংলাদেশি নাগরিককেও ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এর ফলে আন্দোলনের প্রেক্ষাপটে দেশটিতে দণ্ডপ্রাপ্ত সকল বাংলাদেশি নাগরিকই মুক্তি পেলেন।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আরব আমিরাতের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। দেশটির কঠোর আইন লঙ্ঘনের দায়ে তখন অনেককে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল।

পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই দণ্ডপ্রাপ্তদের মুক্তির জন্য আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে আবেদন জানায়। সেই আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে ইউএই প্রেসিডেন্ট অবশিষ্ট ২৫ জনকেও সাধারণ ক্ষমা প্রদান করেন।

সংযুক্ত আরব আমিরাত দূতাবাস জানিয়েছে:

ক্ষমাপ্রাপ্ত ২৫ জনকেই ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা নিজ দেশে ফেরত এসেছেন। এই সিদ্ধান্তটি ইউএই নেতৃত্বের করুণা, সহনশীলতা এবং ন্যায়বিচারের প্রতিফলন। এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার গভীর ভ্রাতৃসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য নিদর্শন।

উল্লেখ্য, এর আগেও কয়েক দফায় আরও অনেক দণ্ডিত বাংলাদেশিকে ক্ষমা করেছিলেন ইউএই প্রেসিডেন্ট। সর্বশেষ এই সিদ্ধান্তের মাধ্যমে সেই অধ্যায়ের সফল পরিসমাপ্তি ঘটলো।