চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগের পর জেলাজুড়ে শুরু হয়েছে পুলিশের সাঁড়াশি অভিযান। এ ঘটনার পরপরই পুলিশের বিশেষ অভিযানে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেয় একদল দুর্বৃত্ত। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। সিসিটিভি ফুটেজে ৪ থেকে ৫ জনের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে এক নারীসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের আওতায় আনে।
স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় জেলা শহর ও হাইমচর উপজেলায় পৃথক বিক্ষোভ মিছিল বের করে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। মিছিল থেকে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভের পরপরই চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জড়িতদের পাকড়াও করতে জেলাজুড়ে বিশেষ চিরুনি অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা। এর অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার নিজ বাসভবন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়। একই সাথে শহরের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে আরও অন্তত ২৯ জনকে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, “পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান এখনও চলমান রয়েছে।”
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, “৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। পুরো অভিযান শেষ হলে আটককৃতদের পরিচয় ও তাদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।”
বর্তমানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

