পীরগাছা প্রতিনিধি : সুস্থ ও সবল জাতি গঠনে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং ফলিত পুষ্টির গুরুত্ব তুলে ধরতে রংপুরের পীরগাছা উপজেলায় দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মশালায় দৈনন্দিন খাদ্যতালিকায় স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাবার অন্তর্ভুক্তকরণ, সুষম খাদ্যের সঠিক বিন্যাস এবং নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, আধুনিক জীবনযাত্রায় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও পুষ্টিহীনতার ঝুঁকি দিন দিন বাড়ছে। মাঠপর্যায়ে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার স্বাগত বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন,“শুধুমাত্র পেট ভরে খাওয়াই যথেষ্ট নয়; শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক পুষ্টিমান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কৃষকদের মাধ্যমে এই বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।”
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, রংপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেকুল ইসলাম। তিনি তার সেশনে ফলিত পুষ্টির ব্যবহারিক দিকগুলো তুলে ধরে জানান,“বর্তমানে রান্নার ভুল পদ্ধতি এবং খাদ্য উপাদান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে আমরা অনেক সময় প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছি। হাতের কাছের সস্তা ও পুষ্টিকর শাক-সবজি এবং ফলের সঠিক ব্যবহার জানলে সহজেই সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।”
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের খাদ্যের উপাদান ও সুষম খাবারের প্লেট সাজানোর নিয়ম, অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে ফলিত পুষ্টির ভূমিকা, শাক-সবজি ও ফলমূলে বিষমুক্ত উপায়ে ফলন বৃদ্ধি এবং গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিশেষ পুষ্টি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৬০ জন সুফলভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তি এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে হাতে-কলমে প্রদর্শনী ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

