প্রতীক বরাদ্দের পর সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা, ২২ জানুয়ারি মৌলভীবাজারে যাবেন তারেক রহমান

0
প্রতীক বরাদ্দের পর সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা, ২২ জানুয়ারি মৌলভীবাজারে যাবেন তারেক রহমান

মোঃ জালাল উদ্দিনঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর পরপরই শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে সিলেট বিভাগ থেকে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজার সফরে আসবেন। সফরের অংশ হিসেবে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন জানান, সম্ভাব্য তারিখ ২২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে এবং ওই দিন বিকেলেই জনসভাটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এর আগে জনসভার স্থান হিসেবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারিত থাকলেও পরবর্তীতে তা বাতিল করে আইনপুর খেলার মাঠ চূড়ান্ত করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন জানান, মৌলভীবাজার আসার আগে তারেক রহমান হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। এরপর তিনি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

তিনি আরও জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা বিএনপি ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করেছে। এই জনসভার মাধ্যমেই বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

এদিকে, ১১ জানুয়ারি (রবিবার) বিকেলে জনসভার ভেন্যু আইনপুর খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

ভেন্যু পরিদর্শনে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান (ভিপি মিজান), আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মতিন বকস, খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, কানাডা বিএনপির উপদেষ্টা আব্দুল মুহিত, ২নং মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শেখ শাহাব উদ্দিন, আবুল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ ও মাজহারুল ইসলাম রকি, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার ও মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, মুজিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।