উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, সবাই দুই পরিবারের

0
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর উত্তরার একটি বাসায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। ছয়জনই দুই পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবাসিক ভবনে আগুনের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)। নিহত আফরোজার মামাতো ভাই মো. আবু সাইদ জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়। তিনি ওষুধ প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মরত ছিলেন। আর তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ। তাদের দুই ছেলে ফাইয়াজ ও রাফসান। স্বামী স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলেই উত্তরাতে নানির বাসায় থাকত জানিয়ে আবু সাইদ আরও বলেন, শুক্রবার অফিস বন্ধের দিন হওয়ায় গতরাতেই ছোট ছেলেকে নানীর বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসে। এরপর আজ সকালে ওই বাসায় আগুনের সংবাদ পান স্বজনরা। পরবর্তীতে একে একে হাসপাতালে এসে তাদের মৃত্যুর খবর জানতে পারেন।

এর আগে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ২য় তলায় বাসাবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে সংবাদ মাধ্যমকে বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী এ খবর জানান।

আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়।