মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন

0
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন

মুহ. মিজানুর রহমান বাদল : মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে শুনানি শেষে নির্বাচন কমিশন এ রায় দেন।

এর ফলে তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর অভিযোগ ও আইনি কৌশল শেষ পর্যন্ত টেকেনি। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আফরোজা খানম রিতার পথে আর কোনো আইনি বাধা নেই।

নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, রবিবার অনুষ্ঠিত শুনানিতে মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানম রিতার বিরুদ্ধে আনা ঋণখেলাপি ও বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। দাখিল করা নথি ও সংশ্লিষ্ট সংস্থার তথ্য খতিয়ে দেখে আপিল বিভাগ নিশ্চিত হয়, অভিযোগগুলো ভিত্তিহীন। এরপরই আপিল খারিজ করে জেলা রিটার্নিং কর্মকর্তার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

এর আগে গত ৮ ডিসেম্বর মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে আপিল দায়ের করে রিতার প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন।

উল্লেখ্য, ৪ জানুয়ারি মনোনয়নপত্র, হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

রায়ের পর প্রতিক্রিয়ায় আফরোজা খানম রিতা জানান, তিনি আত্মবিশ্বাসী ছিলেন। বিদ্রোহী প্রার্থীর সাজানো অভিযোগ ভিত্তিহীন বানোয়াট। তাই আইনি কৌশল শেষ পর্যন্ত টিকেনি। সত্যের জয় সবসময় হবে।