তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এনিয়ে হতাশা ছড়ানো যাবে না: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

0
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এনিয়ে হতাশা ছড়ানো যাবে না-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

জয়নাল আবেদীন: জানুয়ারীতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না মন্তব্য করে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এনিয়ে হতাশা ছড়ানো যাবে না।

সোমবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তালুক শাহবাজপুর এলাকায় চীনা রাষ্ট্রদূতসহ তিস্তা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গন রোধ ও সেচ কার্যক্রম অন্তর্ভূক্ত থাকায় প্রকল্প এলাকা নিয়ে যাচাই-বাছাই সময় সাপেক্ষ উল্লেখ করে উপদেষ্টা বলেন, চীন সরকার যতদ্রুত সম্ভব এ প্রকল্পটির কাজ শুরু করতে আগ্রহী রয়েছে।

এ সময় রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম উত্তরের ৫ জেলা বেষ্টিত তিস্তা নদীর গতি-প্রকৃতি ও সংকট তুলে ধরেন। এর আগে উপদেষ্টা তিস্তা সড়ক ও রেলসেতু এবং নৌকায় নদী এলাকা পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ সহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।