শার্শায় অভিনব কায়দায় বৃদ্ধের চার্জার ভ্যান নিয়ে চম্পট দিলেন দু’প্রতারক

0
শার্শায় অভিনব কায়দায় বৃদ্ধের চার্জার ভ্যান নিয়ে চম্পট দিলেন দু'প্রতারক

শর্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিনব কৌশলে ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে এক বৃদ্ধ ভ্যানচালকের চার্জার ভ্যান নিয়ে চম্পট দিয়েছে প্রতারকচক্রের দুই সদস্য। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার দুপুর ২টার দিকে বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খোকন মোল্লা (৬৫)বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের বাসিন্দা। তিনি একজন গরিব মানুষ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিন ভ্যান চালিয়েই চলে তার সংসার।

খোকন মোল্লা জানান,বাজারে একটি মোটরসাইকেল থেকে একজন নেমে বসতপুর যাওয়ার কথা বলে তার ভ্যানে ওঠে প্রথমে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে যান। সেখানে পৌঁছালে ওই ব্যক্তি জানান, ইউনিয়ন পরিষদের সচিব আসছেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে নিজেকে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দেন এবং ওই যাত্রীকে এক হাজার টাকা দিয়ে মিষ্টি কিনে আনতে পাঠান। মিষ্টি নিয়ে ফিরে এসে তিনি আবারো ভ্যানে উঠে বাগআঁচড়া দারুল আমান ট্রাস্টের সমানে একটি বাড়ির নিচে নিয়ে গিয়ে ভ্যান চালককে মিষ্টিগুলো বাসার ভেতরে দিয়ে আসতে বলেন।চালক ভেতরে ঢোকার সময় জানানো হয়, বাড়িতে কেউ নেই।পরে বাইরে এসে খোকন মোল্লাহ দেখতে পান, তার ভ্যানটিসহ যাত্রী আর সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েন বৃদ্ধ খোকন মোল্লা। বাজারের মাঝেই কান্নায় ভেঙে পড়ে তার আহাজারিতে হৃদয় কেঁপে ওঠে উপস্থিত মানুষের। অনেকেই ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বারবার বাগআঁচড়া এলাকায় এমন ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত ভ্যান উদ্ধারের দাবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি জানার পর ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতারকদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,এর আগে গত ৪ অক্টোবর সকালে বাগআঁচড়া ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের সামনে ইদ্রিস আলী নামে এক বৃদ্ধ ভ্যান চালককে দোকানে পাঠিয়ে ভ্যানটি নিয়ে চম্পট দেয় এমনই দু’প্রতারক। সে সময় বৃদ্ধ ইদ্রিস আলী থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছিলো কিন্তু আজও ভ্যানটি উদ্ধার হয়নি।বৃদ্ধ ও শিশু চালকদের টার্গেট করে প্রতারক চক্র এমন অভিনব কায়দায় ভ্যান চুরি করছে।