নিরাপত্তা শঙ্কায় ভারত সফর প্রত্যাখ্যান বিসিবির; পাশে দাঁড়াল পাকিস্তান

0
নিরাপত্তা শঙ্কায় ভারত সফর প্রত্যাখ্যান বিসিবির; পাশে দাঁড়াল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: আগামী মাসেই পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু বৈশ্বিক এই আসরের আগে ক্রিকেট বিশ্বে বইছে উত্তাল হাওয়া। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের দাবির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির গভর্নিং বডি আইসিসি বোর্ড সদস্যদের বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সেখানে তারা উল্লেখ করেছে, বর্তমানে ভারতে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, তাতে বিসিবির খেলতে না চাওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক। প্রতিবেশীর বিপদে পিসিবির এমন সরাসরি অবস্থান আইসিসির নীতিনির্ধারণী মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার নেপথ্যে রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুটি। কেকেআর আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, রাজনৈতিক কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বলে গুঞ্জন ওঠে। এরপরই নড়েচড়ে বসে বাংলাদেশ সরকার। জাতীয় দলের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়—বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।

বিসিবি ইতিমধ্যে আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে, তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলংকায় স্থানান্তর করতে হবে। গত এক সপ্তাহ ধরে বিসিবি ও আইসিসির মধ্যে দফায় দফায় বৈঠক হলেও কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরেনি।

যদিও পিসিবি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, তবে বিশ্লেষকদের ধারণা, আইসিসি তাদের পূর্বনির্ধারিত ভেন্যু পরিবর্তনের বিষয়ে সহজে নতিস্বীকার করবে না। বুধবারের বোর্ড সভাই নির্ধারণ করবে টাইগাররা বিশ্বকাপের মঞ্চে শ্রীলংকায় নামবে নাকি ভারতের মাটিতেই তাদের খেলতে বাধ্য করা হবে। ক্রিকেট প্রেমীদের নজর এখন আইসিসির সেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।