মহেশপুর নির্বাচনে কঠোর বিজিবি নিরাপত্তা

0
মহেশপুর নির্বাচনে কঠোর বিজিবি নিরাপত্তা

ঝিনাইদাহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোরের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা ও সাম্প্রতিক অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহ ও মাগুরা জেলার মোট ১০টি উপজেলায় (৬টি সংসদীয় আসনে) নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে এবং এ লক্ষ্যে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। সীমান্তবর্তী একটি উপজেলাসহ অন্যান্য উপজেলায় বিজিবি সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

তফসিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখেই রেকি সম্পন্ন করা হয়েছে এবং আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ এর মধ্যে মোতায়েন কার্যক্রম শেষ হবে। মোতায়েনের পর দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম এবং ভোটকেন্দ্রভিত্তিক টহল জোরদার করা হবে, যাতে কোনো দুষ্কৃতিকারী নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও জনসচেতনতামূলক সভার মাধ্যমে ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।

ব্রিফিং এ আরও জানানো হয়, যশোর রিজিয়নের অধীন ৭টি ব্যাটালিয়ন ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ৬২টি সংসদীয় আসনে মোট ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করবে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। ৪৯৫টি উপজেলার মধ্যে কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি ব্যতীত ৪৮৯টি উপজেলায় এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে বিজিবি দায়িত্ব পালন করবে।

অভিযানের সাফল্যের তথ্য তুলে ধরে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ২০২৫ সালে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৪১ জন আসামিসহ ৩৮ কোটি ২৭ লাখ ২৫ হাজার ২৮৩ টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে, যার মধ্যে ১২.৩৩৯৪২ কেজি স্বর্ণ, ৯টি পিস্তল ও ২১ রাউন্ড গুলি উল্লেখযোগ্য। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ২৮ জন আসামিসহ ৯ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৬৮৫ টাকার মাদকদ্রব্য আটক করা হয়, যার মধ্যে রয়েছে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, কোকেন, মদ, বিয়ার ও বিভিন্ন ধরনের মেডিসিন। এছাড়া যশোর রিজিয়নের কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় ২০২৫ সালে চোরাচালানবিরোধী অভিযানে ৩৮০ জন আসামিসহ ৩৭৭ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৬২০ টাকার বেশি মালামাল জব্দ করা হয়; এর মধ্যে স্বর্ণ, রৌপ্য, অস্ত্র ও গুলি উল্লেখযোগ্য। একই সময়ে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি কর্তৃপক্ষ সাংবাদিক সমাজ, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সীমান্ত সুরক্ষিত থাকলেই দেশ সুরক্ষিত থাকবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য সর্বদা অবিচল থাকবে, ইনশাআল্লাহ।