মৌচাকে নির্বাচনী পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘ডিম ও নোংরা পানি’ নিক্ষেপ

0
মৌচাকে নির্বাচনী পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘ডিম ও নোংরা পানি’ নিক্ষেপ

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর ঢাকা-৮ আসনের নির্বাচনী উত্তাপের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকায় গণসংযোগ ও পথসভা চলাকালে তাকে লক্ষ্য করে ডিম ও নোংরা পানি নিক্ষেপ করার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মৌচাক এলাকার ‘বাংলা টিভি’ সংলগ্ন একটি গলিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পথসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পাশের একটি ভবন থেকে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ সময় তিনি উপস্থিত জনতাকে ডিম নিক্ষেপের বিষয়টি অবহিত করছিলেন। ঠিক সেই মুহূর্তেই ওপর থেকে ফের তার ওপর নোংরা পানি ঢেলে দেওয়া হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এমন আচরণের মুখেও বিচলিত না হয়ে নাসীরুদ্দীন শান্তভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তিনি হামলাকারীদের ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে বলেন, “আল্লাহ তাদের হেদায়েত দিন।”

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর উসকানিতে এই ন্যাক্কারজনক কাজ করা হয়েছে। নোংরা পানি ও ডিম নিক্ষেপের পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা দ্রুত ওই এলাকার কর্মসূচি শেষ করে পরীবাগে চলে আসি।” তবে এই ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে কোনো আঘাত পাননি বলে তিনি নিশ্চিত করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, তার নির্বাচনী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ গোষ্ঠী এমন অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। এ ঘটনার প্রতিবাদে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

উল্লেখ্য, ২০২৬ সালের এই নির্বাচন ঘিরে ঢাকা-৮ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রার্থীর ওপর এই ধরনের হেনস্তার ঘটনা নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ ভোটারদের মনে।