আকতার হোসেনঃ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন নির্বাচনে প্রশাসনের কেউ নিরপেক্ষতা হারালে তাদের বিরুদ্ধে ‘ভয়ানক কঠিন’ ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার ভোটের মাধ্যমেই জিততে হবে, ‘দুই নম্বরি’ করার কোনো সুযোগ নেই।
আজ শনিবার সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, “নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অবশ্যই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। যদি কেউ নিরপেক্ষতা হারান, তবে তার ব্যাপারে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর হবে। কোনো অবস্থাতেই পক্ষপাতিত্ব সহ্য করা হবে না।” তিনি আরও যোগ করেন, নির্বাচন কমিশন আজ পর্যন্ত কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে এই কমিশনার বলেন, এটি কেবল নিয়ম রক্ষার বা গণতন্ত্রে ফেরার নির্বাচন নয়। তিনি বলেন,
“এই নির্বাচনের ওপর আমাদের জাতীয় ভাবমূর্তি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান নির্ভর করছে। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান—সবকিছুর সঙ্গেই এই নির্বাচনের সার্থকতা জড়িত।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, “ভয়ভীতি, ত্রাস বা মব (উচ্ছৃঙ্খল জনতা) যেন ভোটারদের অধিকার হরণ করতে না পারে। ভোটকেন্দ্রগুলো এমনভাবে প্রস্তুত রাখতে হবে যেন তা সাধারণ ভোটারদের অনুকূলে থাকে।”
সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু করতে তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

