বিজয়নগরে চেম্বারে ডেকে বিচারপ্রার্থীকে ধর্ষণ: শ্রীঘরে সেই আইনজীবী

0
বিজয়নগরে চেম্বারে ডেকে বিচারপ্রার্থীকে ধর্ষণ: শ্রীঘরে সেই আইনজীবী

আদালত প্রতিবেদকঃ রাজধানীর বিজয়নগরে নিজের আইনি চেম্বারে এক বিচারপ্রার্থী নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে মো. শামসুল ইসলাম (৫৫) নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তারিখ জানাতে টালবাহানা করে চেম্বারে ডেকে নিয়ে তিনি এই পৈশাচিক কর্মকাণ্ড ঘটান বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নারী পেশায় একজন ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ী। তিনি জানান, জনৈক শামসুল ইসলাম তার পূর্ব পরিচিত এবং প্রতিবেশী হওয়ার সুবাদে তাকে ‘কাকা’ বলে সম্বোধন করতেন। ব্যবসা সংক্রান্ত একটি মামলায় গত বছরের জুন মাসে এই আইনজীবীর মাধ্যমেই তিনি জামিন পান। এরপর থেকে আইনি বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব ছিল শামসুল ইসলামের ওপরই।

মামলার এজাহার অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের হাজিরা বা মামলার তারিখ জানতে গত কয়েকদিন ধরেই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন ওই নারী। তবে শামসুল ইসলাম হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যস্ততার অজুহাত দেখিয়ে তাকে এড়িয়ে চলছিলেন। ২৯ জানুয়ারি রাত ৯টার দিকে মাহতাব সেন্টারের ১৬ তলায় নিজের চেম্বারে ওই নারীকে ডেকে পাঠান তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, চেম্বারে মামলার তারিখ ১ ফেব্রুয়ারি জানানোর পর তিনি চলে আসতে চাইলে আইনজীবী তাকে বাধা দেন। এ সময় তিনি অনৈতিক প্রস্তাব দিয়ে বলেন, “তুমি কি চাও না তোমার মামলাটা দ্রুত শেষ হোক?” এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয় এবং ঘটনাটি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী পল্টন মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রয়েল হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক আরিফুর রহমান আসামির জামিন শুনানি না করে তাকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।