‘নতুন জালেমদের থেকে সাবধান থাকুন’: বরিশালে তারেক রহমানের হুঙ্কার

0
‘নতুন জালেমদের থেকে সাবধান থাকুন’: বরিশালে তারেক রহমানের হুঙ্কার

বরিশাল জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে এক ‘নতুন জালেমে’র আবির্ভাব হয়েছে, যাদের মানুষ রাজনৈতিক দল হিসেবে নয় বরং ‘গুপ্ত সংগঠন’ হিসেবে চেনে। যারা মা-বোনদের সম্মান করতে জানে না, তাদের হাত থেকে দেশ ও মানুষের আত্মমর্যাদা নিরাপদ নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় দুই দশক পর বরিশালের মাটিতে তারেক রহমানের এই উপস্থিতিকে কেন্দ্র করে পুরো বিভাগজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন, “৫ই আগস্টের পর আমরা ভেবেছিলাম স্বৈরাচারের ভাষা ও দম্ভ বন্ধ হয়েছে। কিন্তু দুঃখের সাথে দেখছি, একটি দল যাদের মানুষ ‘গুপ্ত’ হিসেবে চেনে, তারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। এই গুপ্তদের নেতা দেশের মা-বোনদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন।”

তিনি আরও যোগ করেন, “আমাদের নবীজি (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা নিজে একজন কর্মজীবী নারী ও সফল ব্যবসায়ী ছিলেন। অথচ তারা ইসলামের নাম নিয়ে নারীদের অশ্লীল ভাষায় অপমান করে। যারা নারীদের মর্যাদা দেয় না, তারা দেশকে সামনে নিতে পারে না।”

বরিশাল অঞ্চলের প্রধান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন: বরিশালের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বিএনপির আমলে শুরু হওয়া যে কাজগুলো গত ১৬ বছরে থমকে ছিল, জয়ী হলে সেগুলো দ্রুত শেষ করা হবে। নারীদের ঘরে বন্দি না রেখে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, “বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে। ১২ তারিখ আপনারা আপনারদের জবাবদিহিমূলক সরকার নির্বাচিত করবেন। যারা আপনাদের নাকে দড়ি দিয়ে ঘোরাতে চায়, তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে।”

ভোর থেকেই বরিশাল বিভাগের ২১টি আসনের নেতাকর্মীরা লঞ্চ, ট্রলার ও বাসে করে বেলস পার্কে জড়ো হতে শুরু করেন। প্রিয় নেতাকে এক নজর দেখতে মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও মানুষের ভিড় লক্ষ করা গেছে। জনসভায় বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।