রাজনীতিতে বড় চমক: শেখ হাসিনার দুলাভাই ও সাবেক মেয়র রেজা ফয়েজ বিএনপিতে!

0
রাজনীতিতে বড় চমক: শেখ হাসিনার দুলাভাই ও সাবেক মেয়র রেজা ফয়েজ বিএনপিতে!

ভাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পাল্টে গেছে রাজনৈতিক সমীকরণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র এ.এফ.এম রেজা ফয়েজ মিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সুদূর আমেরিকা থেকে ভিডিও কলের মাধ্যমে এই ঘোষণা দিয়ে তিনি এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গার নুরপুর গ্রামে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের একটি নির্বাচনী উঠান বৈঠক চলছিল। অনুষ্ঠান চলাকালীন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের মোবাইলে ভিডিও কল দেন আমেরিকা প্রবাসী রেজা ফয়েজ।

ভিডিও কলে তিনি যা বললেন: তিনি উপস্থিত গ্রামবাসীর কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। আসন্ন নির্বাচনে শহিদুল ইসলাম বাবুলের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রেজা ফয়েজ মিয়ার এই দলবদল বিশেষ গুরুত্ব পাচ্ছে তার পারিবারিক পরিচয়ের কারণে। তিনি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোন জামাই। সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের আপন মামা। ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র এবং দীর্ঘদিনের আওয়ামী লীগ নেতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সরকার পতনের প্রেক্ষাপটে রেজা ফয়েজ মিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা হয়। আইনি জটিলতা এড়াতে তিনি গোপনে দেশ ত্যাগ করে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন।

“ফয়েজ মিয়া আমার ফোনে ভিডিও কল দিয়েছিলেন। আমি সেটি লাউডস্পিকারে দিয়ে উপস্থিত জনগণের সামনে তার বক্তব্য তুলে ধরি। তিনি এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন।” খন্দকার ইকবাল হোসেন সেলিম, সভাপতি, উপজেলা বিএনপি।

আওয়ামী লীগের শীর্ষ পদের নেতা ও পরিবারের স্বজনের এমন আকস্মিক দলবদলে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও কলের স্ক্রিনশট ও যোগদানের খবরটি এখন টক অফ দ্য টাউন।