‘গুম-খুন ও লুটেরাদের বিচার হবে, পুনরুজ্জীবিত হবে সার্ক’: জাতির উদ্দেশে নাহিদ ইসলাম

0
‘গুম-খুন ও লুটেরাদের বিচার হবে, পুনরুজ্জীবিত হবে সার্ক’: জাতির উদ্দেশে নাহিদ ইসলাম

বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা গুম, খুন, নির্যাতন ও লুটপাটে জড়িত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে। সোমবার সন্ধ্যায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ অঙ্গীকার করেন। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তাঁর এই ভাষণটি সম্প্রচার করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে জুলাই বিপ্লব ছিল একটি গণবিদ্রোহ। আমাদের লক্ষ্য পুরোনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা। অথচ পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও দুর্নীতিগ্রস্ত ও বেইনসাফি কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে।”

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি আত্মমর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন: দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক দৃঢ় করতে ‘সার্ক’ পুনরুজ্জীবিত করা হবে। আঞ্চলিক সহযোগিতা বাড়াতে আসিয়ানে (ASEAN) যোগ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। মুসলিম বিশ্বের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের আমূল উন্নয়ন ঘটানো হবে।

প্রবাসীদের জন্য সেবার মান বৃদ্ধিতে নাহিদ ইসলাম বিশেষ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন: বিশ্বের সকল প্রান্তে বাংলাদেশ মিশন স্থাপন এবং কূটনীতিকের সংখ্যা বৃদ্ধি করা হবে। নামমাত্র খরচে জনবল রপ্তানি এবং প্রবাসে কর্মীরা যাতে হেনস্তার শিকার না হয়, তা নিশ্চিত করা হবে। পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতা হবে কূটনৈতিক সম্পর্কের মূল ভিত্তি।

এনসিপি প্রধান তাঁর ভাষণে স্পষ্ট করেন যে, কারো ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করা হবে। তিনি বলেন, “আমরা অগণতান্ত্রিক শাসকদের নতজানু নীতিকাঠামো ভেঙে দেব। জনগণ যদি এনসিপির ওপর আস্থা রাখে, তবে আমরা অর্থনৈতিক ও বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনব।”

“জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে।” বলেন নাহিদ ইসলাম