জয়নাল আবেদীন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান রংপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন । বুধবার সকাল সাড়ে দশটায় রংপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন । এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক কার্যক্রম নিয়ে তাকে ব্রিফ করেন ।
জিওসি‘র পরিদর্শন কালে ব্রিগেট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএমআজম চৌধুরী রংপুর মেট্রেপলিটন পুলিশ কমিশনার মো: আব্দুল মজিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন সহ সেনাবাহিনীর বিভিন্নস্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন । এর আগে গত বৃহস্পতিবার রংপুরে নির্বাচনে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর দশ সদস্যের কমান্ডো দল হেলিকপ্টার করে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে নামেন এবং নির্বাচনের দিন রংপুর বিভাগের ৮ জেলাসহ জয়পুরহাট জেলার দূর্গমএলাকার কোন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে প্রশিক্ষিত কমান্ডোরা হেলিকপ্টার করে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় কিভাবে দায়িত্ব পালন করবেন তা দেখানো হয়।
এদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসময় সেনাবাহিনীর বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

